এআই এক্সপার্ট হওয়ার প্রয়োজনীয়তা ও সম্ভাবনা
বর্তমান যুগ অবিশ্বাস্য দ্রুত গতিতে পরিবর্তন হচ্ছে, এবং এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) বা এআই (AL)। চ্যাটজিপিটি বা ইমেজ জেনারেশনের মতো টুলসগুলো আজ আমাদের নিত্যদিনের অংশ। এমন একটা সময়ে দাঁড়িয়ে অনেকেই ভাবছেন, "আমি কি কেবল এই টুলগুলো ব্যবহারকারী হয়েই থাকবো, নাকি এর পেছনের কারিগর হবো?" আপনি যদি দ্বিতীয় দলভুক্ত হন এবং নিজেকে একজন AI Specialist বা AI Expert হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেন, তবে আজকের এই লেখাটি আপনার জন্য। একটা কথা শুরুতেই বলে রাখা ভালো, এআই এক্সপার্ট হওয়া কোনো জাদুমন্ত্র নয়, এটি ধৈর্য এবং সঠিক নিয়ম মেনে চলার একটি দীর্ঘ পথ।
অনেকের মনেই প্রশ্ন জাগে, আদতে এআই কি(AI) এবং এই সেক্টরে ক্যারিয়ার গড়ার দরকারটাই বা কি? খুব সহজ করে বললে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো মেশিনের এক ধরণের বুদ্ধিমত্তা, যার মাধ্যমে আমরা এমন কম্পিউটার সিস্টেম তৈরি করি যা মানুষের মতো চিন্তা করতে এবং ডেটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারে। এখনকার দিনে ডেটা সায়েন্স, অত্যাধুনিক রোবোটিক্স বা ডিজিটাল মার্কেটিংয়ের প্রতিটি শাখায় এআই-এর ব্যবহার জ্যামিতিক হারে বাড়ছে। তাই একজন এআই প্রফেশনাল হিসেবে আপনার ক্যারিয়ারের সুযোগ এবং বেতন উভয়ই সাধারণ আইটি জবগুলোর চেয়ে অনেক বেশি হবে, সেটাই স্বাভাবিক।
কিন্তু এই বিশাল যাত্রা আপনি শুরু করবেন কোন জায়গা থেকে? প্রথমত, এআই দাঁড়িয়ে আছে গণিত এবং প্রোগ্রামিং এর ওপর। তাই শুরুতেই আপনাকে লিনিয়ার অ্যালজেব্রা, ক্যালকুলাস এবং বিশেষ করে পরিসংখ্যান (Statistics) ও প্রোবাবিলিটির ধারণাগুলো পরিষ্কার করে নিতে হবে। গণিতের সাথে সাথে আপনাকে এমন একটি প্রোগ্রামিং ভাষা শিখতে হবে যা এআই-এর দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয়; আর সেটি হলো Python। পাইথন শিখতে তুলনামূলক সহজ এবং এর লাইব্রেরিগুলো আপনার কাজ অনেক সহজ করে দেবে। এরপর সরাসরি লাফ দিতে হবে এআই-এর প্রাণ, মেশিন লার্নিং (Machine Learning) শেখার দিকে। কম্পিউটার কিভাবে ডেটা থেকে শেখে, সেই প্রক্রিয়াটা বুঝতে আপনাকে NumPy, Pandas এবং Scikit-Learn-এর মতো লাইব্রেরিগুলো আয়ত্তে আনতে হবে।
মেশিন লার্নিংয়ের বেসিক বোঝার পর, পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ হলো ডিপ লার্নিং এবং নিউরাল নেটওয়ার্ক। এই অংশটা মানুষের মস্তিষ্কের কাজের ধরন অনুকরণ করে ডেটা প্রসেস করে। এই অ্যাডভান্সড বিষয়গুলো শিখতে TensorFlow বা PyTorch-এর মতো শক্তিশালী ফ্রেমওয়ার্ক ব্যবহার করা শুরু করতে হবে। একটা পর্যায়ে গিয়ে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি ঠিক কোন বিষয়ে বিশেষজ্ঞ বা Specialization অর্জন করবেন। যেমন, আপনি যদি টেক্সট এবং ভাষা নিয়ে কাজ করতে চান তবে Natural Language Processing (NLP) বেছে নিতে পারেন, আর যদি ছবি বা ভিডিও এনালাইসিস আপনার পছন্দ হয় তবে Computer Vision-এ মনোযোগ দিতে পারেন। এমনকি বর্তমানে তুমুল জনপ্রিয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং এবং Generative AI নিয়েও স্পেশালাইজড হওয়ার সুযোগ রয়েছে।
সবশেষে গুরুত্বপূর্ণ কথা, শুধুমাত্র থিওরি বা বই পড়ে কেউ কখনো এক্সপার্ট হতে পারে না। বাস্তব প্রজেক্ট হাতে-কলমে করতে হবে। আপনি ছোট ছোট প্রজেক্ট দিয়ে শুরু করুন; যেমন একটি সাধারণ 'নিউজ ক্লাসিফায়ার' বা 'মুভি রিকমেন্ডেশন সিস্টেম' তৈরি করুন। আপনার করা প্রতিটি প্রজেক্টের কোড GitHub-এ আপলোড করে গুছিয়ে রাখুন। মনে রাখবেন, আজকের দিনে একটি শক্তিশালী গিটহাব পোর্টফোলিও যেকোনো সার্টিফিকেটের চেয়ে বেশি দামি এবং আপনার দক্ষতার আসল প্রমাণ হিসেবে কাজ করে। এই পথে ধৈর্য ধরুন, ৬ মাস থেকে ১ বছর সঠিক পরিকল্পনা নিয়ে লেগে থাকলে আপনি নিশ্চিতভাবেই একজন সফল এআই প্রফেশনাল হতে পারবেন।

0 মন্তব্যসমূহ